প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 31, 2026 ইং
চরকৃষ্ণপুরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি

মোছাঃজোসনা খাতুন,কচাকাটা প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরকৃষ্ণপুর আশ্রয়কেন্দ্রকে হাসপাতাল হিসেবে রূপান্তরের দাবিতে জনকল্যাণ ফাউন্ডেশন (চরকৃষ্ণপুর) ও এলাকাবাসীর উদ্যোগে ব্লাড গ্রুপিং কর্মসূচি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার আমির মাওলানা মোঃ এনামুল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, চরকৃষ্ণপুর ও আশপাশের এলাকার হাজারো মানুষ দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্যসেবার অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি চিকিৎসার জন্য রোগীদের দূরবর্তী হাসপাতালগুলোতে যেতে হয়, যা সময় ও ব্যয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, চরকৃষ্ণপুর আশ্রয়কেন্দ্রকে দ্রুত হাসপাতাল হিসেবে রূপান্তর করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।
এ সময় অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং চরাঞ্চলের মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনের পাশাপাশি আয়োজিত ব্লাড গ্রুপিং কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদাতাদের তথ্য সংরক্ষণের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এলাকাবাসী।
© দৈনিক চেতনার কন্ঠ